প্রার্থীদের বোঝানোর সুবিধার্থে পছন্দের শীর্ষে থাকা ক্যাডারগুলোকে এখানে কয়েকটি গ্রুপে ভাগ করলাম।

**গ্রুপ-এ :**

১. বিসিএস পররাষ্ট্র

**নোট : পররাষ্ট্র** ক্যাডার পছন্দক্রমে দিতে চাইলে প্রথমেই দেবেন।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের পদোন্নতির সুযোগ বা প্রমোশন গ্রোথ সবচেয়ে ভালো। পরিবারসহ বিভিন্ন দেশে থাকার সুযোগ থাকে এই ক্যাডারে।

কূটনৈতিক লাল পাসপোর্ট ব্যবহার করা থেকে শুরু করে অনেক সরকারি সুযোগ-সুবিধা এই ক্যাডারে। এর পরও এই ক্যাডার প্রথম পছন্দ তালিকায় দিতে অনেকে ভয় পান। বিসিএস পররাষ্ট্র ক্যাডার প্রথম পছন্দক্রম দিলে ভাইভা খুব কঠিন হবে বা পুরো ভাইভা ইংরেজিতেই হবে—এই ধারণা অনেকাংশে সঠিক নয়। আবার পররাষ্ট্র ক্যাডার প্রথম পছন্দ দিলে পররাষ্ট্র না হলে নিচের অন্য ক্যাডার আর হবে না—এটাও ভুল।

আমার নিজের তিনটি বিসিএসে পররাষ্ট্র ক্যাডার প্রথম পছন্দ দিয়ে ভাইভা দেওয়ার অভিজ্ঞতা আছে। আমি পররাষ্ট্র ক্যাডার না পেলেও তথ্য ক্যাডার পেয়েছি। আব্দুল কাদের নামে আমার এক বন্ধু ২৮তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডার প্রথম পছন্দ দিয়ে বিসিএস খাদ্য ক্যাডারে চাকরি করছে। সুতরাং ব্যাপারটি নিয়ে অহেতুক মনে ভয় রাখা যাবে না।

**পররাষ্ট্র প্রথম পছন্দ হলে—**

ক. ভাইভায় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের নানা দিক নিয়ে কিছুটা দক্ষতা দেখাতে হতে পারে।

খ. একাডেমিক ফল ভালো থাকলে কিছুটা সুবিধা পাওয়া যেতে পারে।

গ. ইংরেজি কথোপকথনে দক্ষ হলে কাজে লাগতে পারে। কারণ কিছু কিছু ভাইভা বোর্ডে আপনার ইংরেজি জ্ঞান যাচাই করে দেখতেই পারে।

ঘ. বৈশ্বিক দ্বিপক্ষীয় দ্বন্দ্ব বা সম্পর্কগুলোতে বাস্তব জ্ঞান থাকলে ভালো হবে।

এগুলোতে যদি কেউ বেশ ভালো করতে পারে, তবে আমি বলব বিসিএস পররাষ্ট্র পছন্দক্রমের এক নম্বরে দিলে ভয়ের কিছু নেই। এর পরও যদি আত্মবিশ্বাসের অভাব থাকে, তাহলে পছন্দক্রমে রাখারই দরকার নেই।

**গ্রুপ-বি :**

২. বিসিএস প্রশাসন/পুলিশ।

৩. বিসিএস পুলিশ/প্রশাসন।

নোট : যাঁর যেটা বেশি পছন্দ সেটা তিনি আগে দেবেন। অর্থাৎ পছন্দক্রমে প্রথমে পররাষ্ট্র ক্যাডার দিয়ে এরপর পুলিশ ও প্রশাসন (পছন্দমতো আগে-পরে) দেবেন। দুটো ক্যাডারই প্রার্থীদের কাছে বেশি পছন্দের।

যদি কেউ মনে করেন পুলিশ বেশি ভালো লাগে, তিনি পুলিশই সবার ওপরে দেবেন, প্রশাসন তার নিচেই দেবেন। একইভাবে কেউ প্রশাসন ওপরে দিলে পুলিশ তার নিচেই দিলে কোনো সমস্যা নেই। আমার তালিকায় পুলিশ না দিয়ে বিসিএস প্রশাসন ওপরে রেখেছি।

অনেক কারণে পুলিশ থেকে প্রশাসন আমার কাছে কিছুটা ওপরে। যেমন—

ক. এবারের ৫০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে পদসংখ্যা আছে ২০০টি, আর পুলিশ ক্যাডারে পদসংখ্যা আছে ৫০টি।

খ. পুলিশের এক বছরের বেশি সময় ধরে চলা ট্রেনিং অনেকেই সহ্য করতে পারেন না।

গ. অন্যদিকে বিসিএস প্রশাসন ক্যাডারে ওপরের দিকে ভালো ভালো পদ তো আছেই; নিচের দিকেও বেশ কিছু ভালো পদ আছে। যেমন—এসি ল্যান্ড, ইউএনও, এডিসি, এডিএম, ডিসি। এই পদগুলোকে বেশ সম্মানজনক হিসেবে দেখা হয়।

ঘ. পুলিশের ক্ষেত্রে এসপি হওয়ার আগে অনেক কষ্ট করতে হবে। প্রতি পদে পদে চ্যালেঞ্জ থাকবে। তবে এসপি হওয়ার পর থেকে পুলিশ ক্যাডারকে আমি প্রশাসন থেকে একটু সামনে এগিয়ে রাখতে চাই। এসপি লেভেলের ওপর থেকে পরবর্তী পদায়নগুলো অনেকটাই স্বপ্নের মতো লাগবে। তাহলে এখন সিদ্ধান্ত নিন—আগে পুলিশ রাখবেন নাকি প্রশাসন।

**গ্রুপ-সি :**

৪. বিসিএস নিরীক্ষা ও হিসাব/কাস্টমস/কর।

৫. বিসিএস কাস্টমস/কর/নিরীক্ষা ও হিসাব।

৬. বিসিএস কর/নিরীক্ষা ও হিসাব/কাস্টমস।

নোট : এই তিনটির মধ্যে যেটি বেশি পছন্দ সেটি ওপরে দিতে পারেন। এখানের কোনোটি নিচে বা পরে হলেও খুব একটা সমস্যা নেই।

**গ্রুপ-ডি :**

৭. বিসিএস সড়ক ও জনপথ/গণপূর্ত/স্বাস্থ্য/রেলওয়ে প্রকৌশল।

**নোট : যাঁরা** পেশাগত বা কারিগরিভাবে খুব ভালো, তাঁরাই এই ক্যাডারগুলো দেবেন। তবে কেউ যদি শুধু পেশাগত ক্যাডারেই থাকতে চান, তাহলে পছন্দক্রমে এগুলো রাখতে পারেন।

**গ্রুপ-ই :**

৮. বিসিএস আনসার।

৯. বিসিএস খাদ্য।

১০. বিসিএস তথ্য (ক)/(খ)/(গ)।

১১. বিসিএস রেলওয়ে পরিবহন।

১২. বিসিএস সমবায়।

১৩. বিসিএস ডাক।

১৪. বিসিএস পরিবার পরিকল্পনা।

নোট : এই গ্রুপের সব ক্যাডারই প্রায় একই। সামান্য একটু যা কমবেশি হয় তার জন্য আমি ৮-১৪ পর্যন্ত যেভাবে দিয়েছি সেভাবেই রাখবেন।

**গ্রুপ-এফ :**

* বিসিএস শিক্ষা/কৃষি/কারিগরি শিক্ষা বা প্রফেশনাল অন্যান্য সমমান ক্যাডার।

**নোট : শিক্ষা** ক্যাডার নিচে রাখার কারণ ব্যাখ্যা করতে শুধু দুটি পয়েন্ট বলি—

ক. পদোন্নতি ধীরগতিতে হয়।

খ. প্রশাসন বা জেনারেল ক্যাডারের থেকে পরীক্ষায় কিছুটা কম নম্বর পেলেও শিক্ষা ক্যাডারে হয়ে যায়।

ধরুন, আপনি ১০০ নম্বরের মধ্যে ৭০ নম্বর পাওয়ায় আপনার প্রশাসন বা পুলিশ ক্যাডার হলো। আবার ৬০ নম্বর পেলে যদি হয় বাকি জেনারেল ক্যাডার। তাহলে ৫৭/৫৮ নম্বর পেলেও শিক্ষা ক্যাডার হয়ে যেতে পারে। এখন আপনি যদি শিক্ষা ক্যাডার জেনারেল ক্যাডারের ওপরে দেন আর আপনার পরীক্ষায় প্রাপ্ত নম্বর যদি ৭০ হয়, তাহলেও শুধু শিক্ষা ক্যাডারই পাবেন। বেশি নম্বর পেয়েও জেনারেল ক্যাডার পাবেন না। তাই শিক্ষা ক্যাডার নিচে দিলে তুলনামূলক কম নম্বর পেলেও ওপরের ক্যাডার না পেলেও শিক্ষা ক্যাডার পাওয়ার সুযোগ থাকবে।

মাইদুল ইসলাম প্রধান, ৩১তম বিসিএস (তথ্য); সিনিয়র তথ্য কর্মকর্তা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা