বুয়েটের স্লিপার কাম সিটার বাসের টেস্ট রিপোর্ট: দেশের সকল স্লিপার বা স্যুটক্লাস বাসের বৈধতা কি বুয়েট দিয়েছে?
(১) কার ফরমায়েশ অনুযায়ী এই টেস্ট রিপোর্ট?
BRTA এর পরিচালক (প্রকৌশল) বুয়েটের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টাল হেডের কাছে চিঠি পাঠিয়ে Ashok Leyland 12mFE (Full Airsus variant) এর উপর ইফাদ অটোজ কর্তৃক তৈরীকৃত সিট কাম স্লিপার বডির একটি বাসের টেকনিকাল ইভ্যালুয়েশনের জন্য অনুরোধ করে।
(২) টেস্টটি কাদের তত্ত্ববধায়নে করা হয়েছে?
উক্ত চিঠির প্রেক্ষিতে ডিপার্টমেন্টাল হেড মহোদয় যন্ত্রপ্রকৌশল ডিপার্ট্মেন্টের ফ্যাকাল্টি থেকে তিন জনের একটি টেস্ট কো-অর্ডিনেটর টিম গঠন করেন কনসাল্টেন্সি সার্ভিসটি প্রদানের জন্য:
১. প্রফেসর ড. মো. এহসান স্যার
২. প্রফেসর ড. মো. মঞ্জুর মোর্শেদ
৩. এসোসিয়েট প্রফেসর মো. জানে আলম খান
(৩) কি কি ধরনের টেস্ট করা হয়েছে?
মূলত ৫ ধরনের টেস্ট করা হয়েছে:
১. ভারতীয় স্লিপার কাম সিটার বস বডি ফেব্রিকেশন কোড AIS-119 অনুযায়ী বডির লে-আউট পর্যবেক্ষণ
২. AIS-119 অনুযায়ী বিভিন্ন কম্পোনেন্ট ও ডাইমেনশন পর্যবেক্ষণ
৩. চেসিস পর্যবেক্ষণ
৪. একই চেসিসের উপর বিজনেস ক্লাস বাস ও স্লিপার কাম সিটার বাসের সেন্টার অব গ্রাভিটির পরিবর্তন
৫. রোড টেস্ট
(৪) কিভাবে টেস্ট করা হয়েছে?
ইফাদ অটোজ প্রথমে একটি Ashok Leyland 12mFE Full Airsus Variant এর চেসিস বুয়েটে সরবরাহ করে চেসিস পর্যবেক্ষণ (Inspection) এর জন্য। যেহেতু চেসিসটি ARAI (Automotive Research Association of India) এর M3 ক্যাটাগোরি সার্টিফাইড, তাই কোনরূপ পরীক্ষার প্রয়োজন হয়নি চেসিসের জন্য, যেহেতু এই সার্টিফিকেশন BRTA অনুমোদিত।
এরপর ইফাদ অটোজ একটি সম্পূর্ণ তৈরী স্লিপার কাম সিটার বাস সরবরাহ করে, যেটিকে AIS-119 কোডের প্রেক্ষিতে সংগতিপূর্ণ কি না সেটি নিরীক্ষণ করা হয়। প্রাথমিক নিরীক্ষার পর ১২ টি সংশোধনের পরামর্শ দেওয়া হয়।
১২টির মধ্যে ১১ টি সংশোধনের পর বাসটি আবার বুয়েটে রিইন্সপেকশনের জন্য আনা হয়। সেখানে AIS-119 কোডের প্রেক্ষিতে ইন্সপেকশন সহ বিভিন্ন থিওরেটিকাল এনালাইসিস (যেমন অটোক্যাড মডেল দিয়ে সেন্টার অব গ্রাভিটির পজিশন এনালাইসিস, টার্নিং রেডিয়াস এনালাইসিস) ও ঢাকা-কুমিল্লা হাইওয়েতে নিয়ে গিয়ে কিছু রোড টেস্ট করা হয় (সাউন্ড প্রেশার মনিটরিং, এক্সিলারেশন টেস্ট, ব্রেকিং টেস্ট, ফুয়েল এফিশিয়েন্সি টেস্ট) ইত্যাদি করা হয়েছে।
(৫) ৫০ টির মধ্যে ৪৮ ক্রাইটেরিয়ায় পাশ?
যে ৫০ টি ক্রাইটেরিয়ায় পরীক্ষার কথা বলা হচ্ছে, সেটি মূলত ২ নং টেস্টের অংশ। এই ক্রাইটেরিয়াগুলো ভারতীয় স্লিপার কাম সিটার বাসের AIS-119 কোডের বিভিন্ন শর্ত থেকে নির্ধারণ করা হয়েছে। যেমন: ইমার্জেন্সি ডোর আছে কি না, ইমার্জেন্সি উইন্ডো আছে কি না, সিটের কুশন কতোটুকু মোটা, বার্থের লম্বা কতো, চওড়া কতো ইত্যাদি।
প্রাথমিক ইন্সপেকশনের পর এই ৫০ টি শর্তের ভেতর ১২ টি তে ভায়োলেশন পাওয়া যায় এবং প্রয়োজনীয় সংশোধন করার জন্য পরামর্শ দেওয়া হয়, যথা:
১. নিচের সিটের জানালা থেকে পর্দার রড অপসারণ
২. পেছনে একটি ইমার্জেন্সি ডোর স্থাপন
৩. টেম্পার্ড গ্লাসের তৈরী ৪টি ইমার্জেন্সি এক্সিট উইন্ডো স্থাপন
৪. বাসের পেছনে অতিরিক্ত একটি ফায়ার এক্সটিংগুইশার স্থাপন
৫. নিউম্যাটিক সার্ভিস ডোর খোলার জন্য একটি ইমার্জেন্সি ম্যানুয়াল সুইচ স্থাপন
৬. দৈর্ঘ্য কম হওয়ায় পেছনের তিনটি স্লিপিং বার্থ অপসারণ বা জায়গাটিকে স্টোরেজ এরিয়া হিসেবে মডিফাই করা
৭. বার্থগুলোতে ওঠার সিঁড়ি পায়ের দিকে সরানো
৮. জানালার দিকে বার্থগুলোতে কমপক্ষে ২০০ মিলিমিটার (৮ ইঞ্চি) উঁচু প্যাডেড সাপোর্ট স্থাপন
৯. অগ্নিপ্রতিরোধী প্যাডিং ও এপহোল্সট্রি (রেক্সিন) স্থাপন
১০. বার্থে ওঠার সিঁড়ির নিচের স্টেপ ফ্লোর থেকে সর্বোচ্চ ৩৫০ মিলিমিটার (১৪ ইঞ্চি) উঁচু থেকে শুরু করে পরবর্তী স্টেপগুলোর মাঝে সর্বোচ্চ ২৫০ মিলিমিটার (১০ ইঞ্চি) গ্যাপে স্থাপন
১১. আর্মরেস্ট কমপক্ষে ৫০ মিলিমিটার (২ইঞ্চি) চওড়া করা
১২. নাটবোল্টের জন্য স্প্রিং ওয়াশার ব্যাবহার করা
পরবর্তীতে এই ১২টি সংশোধনের মধ্যে ৯ নং (অগ্নি প্রতিরোধী ম্যাটেরিয়ালের প্যাডিং ও এপহোল্সট্রি স্থাপন) বাদে বাকি সংশোধন করা হয় এবং পুনরায় বুয়েটে রিইন্সপেকশনের জন্য আনা হয়।
৯ নং শর্তের ব্যাপারে বলা হয় যে, এ ধরনের ম্যাটেরিয়াল বাংলাদেশে পাওয়া না যাওয়ায় শর্তটি পূরণ করা সম্ভব হয় নি।
এই ৯ নং শর্তটি পূরণ না হওয়ায় নির্ধারিত ৫০ টি পয়েন্টের ভেতর ৪৮ টি পয়েন্ট পায় টেস্ট করা বাসটি।
বুয়েট কিন্তু ব্যাপারটিতে ছাড় দেয় নি। রিপোর্টের রেকোমেন্ডেশনে শর্তটিকে বড়ধরণের বিচ্যুতি (মেজর ডেভিয়েশন) হিসেবে বলা হয়েছে এবং ভবিষ্যতে শর্তটি গুরুত্বের সাথে পূরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
(৬) সেন্টার অব গ্রাভিটির পরিবর্তন কতোটুকু হয়েছে স্লিপার কাম সিটার বাসে?
এই তুলনার জন্য একই চেসিসের উপর তৈরী সাধারণ বিজনেস ক্লাস বাসকে বেঞ্চমার্ক হিসেবে নেওয়া হয়। ক্যাড মডেলের মাধ্যমে সেন্টার অব গ্রাভিটির পজিশন এনালাইসিস করা হয়।
এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। বিজনেস ক্লাস বাসের ডেক লেভেল কিন্তু স্লিপার কাম সিটার বাসের তুলনায় ৩০০ মিলিমিটার (১ফুট) উঁচু। অভারঅল হাইটের ক্ষেত্রে বিজনেস ক্লাস বাসের তুলনায় স্লিপার কাম সিটার বাসের হাইট ১৫৪ মিলিমিটার (৬ ইঞ্চি) বেশি ছিলো।
এনালাইসিস অনুযায়ী বিজনেস ক্লাস বাসের সেন্টার অব গ্রাভিটির তুলনায় স্লিপার কাম সিটার বাসের সেন্টার অব গ্রাভিটি ৩৫ মিলিমিটার (প্রায় ১.৫ ইঞ্চি) উপরে পাওয়া যায়। গ্রাউন্ড লেভেল থেকে সেন্টার অব গ্রাভিটির উচ্চতা ১,৫৬৫ মিলিমিটার (প্রায় ৫ ফুট ১ ইঞ্চি) পাওয়া যায়।
(৭) স্ট্যাবিলিটি এনালাইসিস কি বলছে?
সেন্টার অব গ্রাভিটির পজিজশন, ভেহিকেলের ডাইমেনশন ও লে-আউট, টার্নিং জিওমেট্রি ইত্যাদি তথ্যের ওপর ভিত্তি করে থিওরেটিকাল এনালাইসিস দিয়ে স্টাবিলিটি এনালাইসিস করা হয়েছে।
রেজাল্ট হিসেবে স্লাইডিং (পিছলে যাওয়া) ও টপলিং (উল্টে যাওয়া) দুটি কন্ডিশনে বিভিন্ন টার্নিং রেডিয়াসে ক্রিটিকাল স্পিড এনালাইসিস করা হয়েছে।
এতে স্লাইডিং কন্ডিশনের তুলনায় টপলিং কন্ডিশনে ক্রিটিকাল স্পিড কম পাওয়া গেছে। সহজ ভাষায় বললে হাইস্পিডে হঠাৎ বাউলি মারার ক্ষেত্রে স্লাইডিং বা পিছলে যাওয়ার চেয়ে টপলিং তথা উল্টে যাওয়ার সম্ভাবনা বেশি।
টপলিং কন্ডিশনে বিভিন্ন স্পিডের জন্য নূন্যতম টার্নিং রেডিয়াস:
৭৫ কিমি/ঘ – ১১৪ মিটার
৭০ কিমি/ঘ – ৯৯ মিটার
৬৫ কিমি/ঘ – ৮৫ মিটার
৬০ কিমি/ঘ – ৭৩ মিটার
৫৫ কিমি/ঘ – ৬১ মিটার
৫০ কিমি/ঘ – ৫০ মিটার
৪৫ কিমি/ঘ – ৪১ মিটার
৪০ কিমি/ঘ – ৩২ মিটার
৩৫ কিমি/ঘ – ২৫ মিটার
৩০ কিমি/ঘ – ১৮ মিটার
(৮) সাউন্ড প্রেশার লেভেল
টেস্টে প্রাপ্ত সাউন্ড প্রেশার লেভেলকে বলা হয়েছে “ঘুমের জন্য আরামদায়ক পরিবেশের জন্য পছন্দনীয় লেভেলের চেয়ে বেশি লেভেল হতে পারে, বিশেষত দীর্ঘপথে জার্নির জন্য।”
(৭) টিল্ট ও রোল ওভার টেস্ট
পর্যাপ্ত টেস্টিং ফেসিলিটি না থাকায় এই রিপোর্টে টিল্ট টেস্ট ও রোলওভার টেস্ট করে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি পরীক্ষা ও উল্টে যাওয়ার প্রবণতা পরীক্ষা করা সম্ভব হয় নি। এটি রিপোর্টের রেকোমেন্ডেশনে উল্লেখ করে ভবিষ্যতে করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
(৮) এই রিপোর্ট কি দেশে চলাচল করা সকল স্লিপার ও স্লিপার কাম সিটার বাসের বৈধতা প্রদান করে?
এই রিপোর্ট কোন বাসেরই বৈধতা দেয় নি। শুধুমাত্র একটি নির্ধারিত বাসের জন্য নির্ধারিত কোড (AIS-119) অনুযায়ী বিভিন্ন শর্তাদি কতোটুকু পূরণ হয়েছে তা নিরীক্ষা করা হয়েছে, পাশাপাশি কিছু টেস্ট ও এনালাইসিস করে ডায়নামিক স্ট্যাবিলিটি সম্পর্কে সীমিত ধারণা দেওয়া হয়েছে। টিল্ট ও রোলওভার টেস্ট করলে স্ট্যাবিলিটি সম্পর্কে ধারণা আরো পূর্ণতা পেতে পারতো।
যে স্যাম্পল বাসটির কথা বলা হচ্ছে, সেটিও প্রথম ইন্সপেকশনে ১২ টি শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। পরবর্তীতে সংশোধনের পরও একটি অতি গুরুত্বপূর্ণ শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। সুতরাং বাসটি AIS-119 কোডের বাধ্যতামূলক শর্ত পূরণে ব্যর্থ হয়েছে।
এখন, AIS-119 কে যদি আমরা আমাদের দেশের জন্য গ্রহণযোগ্য মানদণ্ড হিসেবে গ্রহণ করিও, বর্তমানে বাংলাদেশে চলমান সকল স্লিপার ও স্লিপার কাম সিটার বাস এই কোডের শর্ত পূরণে ব্যর্থ হবে। কারণ আমাদের দেশে চলমান স্লিপার ও স্লিপার কাম সিটার বাসগুলোর প্রায় সবগুলোতেই কোন ইমার্জেন্সি ডোর নেই, টেম্পার্ড গ্লাস দিয়ে তৈরী ইমার্জেন্সি এক্সিট উইন্ডো নেই, পর্যাপ্ত ফায়ার এক্সটিনগুইশার নেই, উইন্ডো সাইডে যথাযথ উচ্চতার সাপোর্ট নেই।
অনেক স্লিপার কাম সিটার বাসের উচ্চতা গ্রহণযোগ্য সীমার চেয়ে অনেক বেশি। বেশিরভাগ বাসে আপার বার্থে ওঠার সিঁড়ির মাপ ও পজিশন ঠিক নেই।
এই রিপোর্ট বরং চলমান বাসগুলোর জন্য বড় ধরনের দুঃসংবাদ। এই রিপোর্ট কোনভাবেই সেগুলোর কোন বৈধতা দেয় না।
(৯) রিপোর্টের সীমাবদ্ধতা
রিপোর্টে বাসের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি নিয়ে কোন এনালাইসিস করা হয় নি। তবে ইফাদ অটোজে তৈরী বডিতে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি নিয়ে সমস্যা হওয়ারও কথা না। তাদের ব্যাবহৃত স্টিল ও ওয়েল্ডিং প্রসেস বেশ মান সম্পন্ন। কিন্তু “মায়ের দোয়া বাপের শাসন গ্যারেজে” তৈরী কোন বাসের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি পরীক্ষা করা হলে সেটি কি উৎরাতে পারবে?
পাশাপাশি, এটা খুবই আক্ষেপের বিষয় যে, আমাদের দেশে এমন কোন ইন্সটিটিউট নেই যেখানে আমরা অটোমোবাইল ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিকমানের টেস্ট ফেসিলিটি বা এনালাইসিস সেন্টার রয়েছে। এমন সক্ষমতা তৈরী না করতে পারলে আমরা কিভাবে দেশে অটোমোবাইল ইন্ডাস্ট্রির বিকাশ নিয়ে স্বপ্ন দেখি?
(১০) স্লিপার বাস বৈধ হবে কিভাবে?
স্লিপার বাস ত বটেই, বাংলাদেশে কোন ধরনের বাসের জন্যই উপযুক্ত বডি ফেব্রিকেশন কোড নেই। ফলে যে যার ইচ্ছে খুশি মতো বাস তৈরী করে। এটি বড়ধরণের সমস্যা।
আমাদের প্রথমে প্রয়োজন বডি ফেব্রিকেশন কোড, তারপর স্লিপার বাস নিয়ে রুলস ও রেগুলেশন তৈরী করা যেতে পারে।
রুলস, রেগুলেশন ও কোড প্রণয়নের পরে তৈরীকৃত বাসকে ইন্সপেকশনের মাধ্যমে প্রয়োজনীয় শর্ত পূরণের যাচাই সাপেক্ষে বৈধতা দেওয়া যেতে পারে।
– নাজমুল হক


